আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

কালো টাকা সাদা করা বন্ধ, ফ্ল্যাট নিবন্ধন ফি কমলো - »

কালো টাকা সাদা করা বন্ধ, ফ্ল্যাট নিবন্ধন ফি কমলো

বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার পথ বন্ধ হয়ে গেছে। তবে আগামী অর্থবছর (২০২৫-২০২৬) থেকে ফ্ল্যাট-প্লট- জমি নিববন্ধন করহার কমিয়েছে সরকার। বর্তমানে জমি ফ্ল্যাট-প্লট- জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অঞ্চলভেদে প্রায় ১৪ শতাংশ থেকে ১৮ শতাংশ হারে বিভিন্ন ধরণের কর ও ফি রয়েছে। বাজেটে গেইন ট্যাক্স ৩ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নিবন্ধন ফির মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে গেইন ট্যাক্স থেকে, যার পরিমাণ ৬ হাজার ৩৯৪ কোটি টাকা। বাজেটে গেইন ট্যাক্স ৩৭.৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে জমি এবং ফ্ল্যাটের গ্রাহক এবং আবাসন ব্যবসায়ীদের।


বাজেট পাশের আগে রিহ্যাব এর প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এনবিআর চেয়ারম্যানের কাছে নিবন্ধন ব্যয় কমানোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেন। সবশেষ গত ১৬ জুন, ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সাথে সাক্ষাত করে রিহ্যাব নেতৃবৃন্দ পুনরায় এ দাবি জানান। সেই মিটিং এ রিহ্যাব এর দাবির প্রেক্ষিতে বাজেট ঘোষণার পর গেইন ট্যাক্স ৩ শতাংশ পর্যন্ত কমানো হয়।


উল্লেখ্য, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও শেষ দুই বছর তেমন কোন বিনিয়োগ ছিল না। গেল দুই বছর আবাসন খাতে বিনিয়োগ ছিল শুন্যের কোঠায়। ফলে আবাসন খাতে এই সুযোগ ‍উঠিয়ে নেওয়া হলেও তাতে এই খাতে কোন প্রভাব পড়বে না বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. মো. শাহাদাত হোসেন সিদ্দিকী। তিনি বলেন, রিয়েল এস্টেট এ কালো টাকা সাদা করার ঘোষনা থাকলেও দুদক বিনিয়োগকারীদের নানা প্রশ্ন করায় এই খাতে বিনিয়োগ হয় না। তবে কালো টাকার বিনিয়োগ বন্ধ করায় রিহ্যাব তথা আবাসন খাতের ব্যবসায়ীরা কালিমা মুক্ত হয়েছেন বলে মনে করেন তিনি। বিনিয়োগ না থাকলেও কালো টাকার সব দায় দেয়া হতো আবাসন ব্যাবসায়ীদের উপর।