আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাব ইউনিভার্সিটি অব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি (RUBT) প্রতিষ্ঠার স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা - »

রিহ্যাব ইউনিভার্সিটি অব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি (RUBT) প্রতিষ্ঠার স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বর্তমানে একশোরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও নির্মাণ, আবাসন, নগর উন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর শিল্পখাতের জন্য বিশেষায়িত উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এখনও সীমিত। এই বাস্তবতা থেকে দেশের আবাসন ও নির্মাণ খাতের দীর্ঘদিনের অভিজ্ঞ রিহ্যাব সদস্য বৃন্দ ডেভেলপার, উদ্যোক্তা, প্রকৌশলী, স্থপতিদের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে রিহ্যাব ইউনিভার্সিটি অব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি (RUBT)। এটি কোনো ব্যক্তি উদ্যোগ নয়; বরং দেশের অন্যতম বৃহৎ শিল্পখাতের দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে একটি সম্মিলিত উদ্যোগ।
সরকার জনকল্যাণমুখী এই উদ্যোগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে এবং আমলা তান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এমন প্রত্যাশা করেন রিয়েল এস্টেট এন্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব এর নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সাক্ষাৎকার নিয়েছেন ফয়সাল খান
প্রশ্ন ১: দেশে বর্তমানে ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে নতুন করে রিহ্যাব ইউনিভার্সিটি অব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি (RUBT) প্রতিষ্ঠার প্রয়োজন কেন?

ড. আলী আফজাল: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে দেড় শতাধিক এর বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, অধিকাংশ বিশ্ববিদ্যালয় একই ধরনের বিষয় পড়াচ্ছে এবং একই ধরনের গ্র্যাজুয়েট তৈরি করছে। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার একটি দূরত্ব তৈরি হচ্ছে।

রিহ্যাব ইউনিভার্সিটি অব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি (RUBT) সেই প্রচলিত ধারার আরেকটি বিশ্ববিদ্যালয় হতে চায় না। আমরা একটি বিশেষায়িত (Specialized) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই, যার মূল ফোকাস হবে বিল্ডিং টেকনোলজি, রিয়েল এস্টেট, স্মার্ট সিটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নির্মাণ ব্যবস্থাপনা, টেকসই নগরায়ণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নির্মাণ খাত।

বিশ্বের উন্নত দেশগুলোতে এই ধরনের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে এই খাতের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনো এ ধরনের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। আমরা সেই শূন্যস্থান পূরণ করতে চাই।

প্রশ্ন ২: RUBT-এর মূল ভিশন কী?

ড. আলী আফজাল: আমাদের ভিশন শুধুমাত্র ডিগ্রিধারী শিক্ষার্থী তৈরি করা নয়; আমরা ভবিষ্যতের উদ্ভাবক, গবেষক, প্রযুক্তিবিদ এবং জাতি গঠনের জন্য দেশ প্রেমিক, সৎ, সুদক্ষ নেতৃত্ব তৈরির স্বপ্ন দেখি।

আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থীরা শুধু বই পড়ে পরীক্ষায় পাস করবে না; তারা নতুন চিন্তা করবে, নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং নির্মাণ ও অবকাঠামো খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম তৈরি করা যারা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নির্মাণ খাতে নেতৃত্ব দিতে পারবে।

-প্রশ্ন ৩: RUBT কীভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হবে?

ড. আলী আফজাল: অবশ্যই আলাদা হবে। আমরা প্রচলিত বিশ্ববিদ্যালয় মডেল অনুসরণ করতে চাই না। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চার বছর পড়াশোনা শেষে একটি সনদ নিয়ে বের হয়। কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের সময় দেখা যায় তাদের অনেক দক্ষতার ঘাটতি রয়েছে।

RUBT-এর শিক্ষা কাঠামো হবে Industry-Oriented, Technology-Driven এবং Research-Based।

শিক্ষার্থীরা ক্লাসরুমের পাশাপাশি বাস্তব প্রকল্প, নির্মাণ সাইট, গবেষণাগার, প্রযুক্তি কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবে।

আমরা চাই একজন শিক্ষার্থী সনদধারী নয়, বরং একজন দক্ষ পেশাজীবী হিসেবে বের হয়ে আসুক।

প্রশ্ন ৪: বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফোকাস কোন কোন বিষয়ে থাকবে?

ড. আলী আফজাল: আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয়সমূহ হবে অত্যন্ত যুগোপযোগী এবং ভবিষ্যৎমুখী।

যেমন—

  • Building Technology
  • Infrastructure Engineering
  • Real Estate Development & Management
  • Smart City Planning
  • Sustainable Construction Technology
  • Urban Development Studies
  • Construction Project Management
  • Green Building Technology
  • Construction Materials Innovation
  • Artificial Intelligence in Construction
  • Digital Construction & Technology
  • Disaster Resilient Infrastructure

এই ধরনের অনেক বিষয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, কিন্তু বাংলাদেশে এখনো পর্যাপ্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।

-প্রশ্ন ৫: RUBT-এর শিক্ষার্থীরা কী শুধু চাকরির জন্য প্রস্তুত হবে, নাকি আরও বড় কোনো লক্ষ্য রয়েছে?

ড. আলী আফজাল: আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র চাকরিপ্রার্থী হয়ে উঠুক।

আমরা চাই তারা কর্মসংস্থান সৃষ্টিকারী, উদ্ভাবক এবং উদ্যোক্তা হয়ে উঠুক।

আজকের বিশ্বে যে দেশ নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারে, সেই দেশই নেতৃত্ব দেয়। RUBT-এর শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে নতুন নির্মাণ প্রযুক্তি, নতুন নির্মাণ উপকরণ, নতুন অবকাঠামোগত সমাধান এবং নতুন ব্যবসায়িক মডেল উদ্ভাবন করতে পারে, সেভাবেই তাদের গড়ে তোলা হবে।

-প্রশ্ন ৬: গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে RUBT-এর পরিকল্পনা কী?

ড. আলী আফজাল: গবেষণা হবে RUBT-এর প্রাণ। আমরা চাই শিক্ষার্থীরা শুধু বিদেশি প্রযুক্তি ব্যবহার না করে নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করুক।

বাংলাদেশের জলবায়ু, ভৌগোলিক বাস্তবতা এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নতুন ধরনের নির্মাণ প্রযুক্তি, সাশ্রয়ী আবাসন ব্যবস্থা, পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো উদ্ভাবনের জন্য বিশেষ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

আমরা চাই RUBT একদিন দক্ষিণ এশিয়ার নির্মাণ প্রযুক্তি গবেষণার অন্যতম কেন্দ্র হয়ে উঠুক।

প্রশ্ন ৭: দেশের অবকাঠামো উন্নয়নে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমাতে RUBT কী ভূমিকা রাখতে পারে?

ড. আলী আফজাল: বাংলাদেশে অনেক বড় প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। আমরা তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি। কিন্তু আর কত। দেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। দীর্ঘমেয়াদে আমাদের নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

RUBT-এর মাধ্যমে আমরা এমন প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক এবং নির্মাণ বিশেষজ্ঞ তৈরি করতে চাই যারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করবে এবং ভবিষ্যতে দেশের বড় বড় প্রকল্পগুলো সফলভাবে পরিচালনা করতে পারবে। আবার যারা বিদেশ যাবে তারা রেমিটেন্স আহরণ করতে পারবে

এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশীয় দক্ষতার বিকাশ ঘটবে।

প্রশ্ন ৮: RUBT প্রতিষ্ঠায় রিহাবের উদ্দেশ্য কী? এটি কি কোনো বাণিজ্যিক উদ্যোগ?

ড. আলী আফজাল: না, এটি কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়। রিহাব দেশের আবাসন খাতের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

আমরা একটি ট্রাস্ট গঠন করে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করতে চাই, যাতে এটি ব্যক্তি স্বার্থে নয়, বরং জাতীয় স্বার্থে পরিচালিত হয়।

আমাদের বিশ্বাস, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শত বছরের বিনিয়োগ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া যায়।

প্রশ্ন ৯: সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কী?

ড. আলী আফজাল: এই উদ্যোগের সফল বাস্তবায়নে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা সরকারের কাছে দ্রুত অনুমোদন, নীতিগত সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করছি।

কারণ এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয় নয়; এটি বাংলাদেশের নির্মাণ, আবাসন এবং অবকাঠামো খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি জাতীয় প্রকল্প।

সরকারের সহযোগিতা পেলে আমরা আরও দ্রুত ও কার্যকরভাবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।

প্রশ্ন ১০: RUBT-এর মাধ্যমে আপনি কী ধরনের উত্তরাধিকার রেখে যেতে চান?

ড. আলী আফজাল: আমরা ভবন নির্মাণ করি, নগর গড়ি, অবকাঠামো নির্মাণ করি—কিন্তু একজন দক্ষ নাগরিক তৈরি করা তার চেয়েও বড় কাজ।

আজ আমরা আছি, একটা সময় আমরা থাকবো না। কিন্তু একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় শতাব্দীর পর শতাব্দী দেশকে সেবা দিতে পারে।

আমাদের স্বপ্ন, রিহ্যাব ইউনিভার্সিটি অব বিল্ডিং অ্যান্ড টেকনোলজি (RUBT) এমন একটি প্রতিষ্ঠান হবে, যেখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা শুধু নিজেদের জীবন গড়বে না, বরং বাংলাদেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম বলুক—রিহাব সদস্যরা শুধু ভবন নির্মাণ করেনি, তারা মানুষ গড়ার জন্যও একটি অসাধারণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছে।

ড. আলী আফজাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি সুদূরপ্রসারী পরিকল্পনার জন্য। আপনাদের সাথে আমরাও প্রত্যাশা করি সরকার দ্রুত সময়ে এটার অনুমোদন দিক এবং এর কার্যক্রম শুরু হোক।

ড. আলী আফজাল: আপনাকেও অনেক ধন্যবাদ।

তথ্যসূত্র-দেশ রূপান্তর