আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

রিহ্যাব মেম্বার ছাড়া ব্যবসা নয়, অনুমোদিত নকশার বাইরে ভবন নয় - »

রিহ্যাব মেম্বার ছাড়া ব্যবসা নয়, অনুমোদিত নকশার বাইরে ভবন নয়

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আগামীতে যেন কেউ অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে।

রোববার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ভবন নির্মাণসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন হয়নি। অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ক্ষেত্রে তা নির্মাণ করা হয়নি। এখন থেকে এসব আইন ও বিধিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। আইন ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বা আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ থাকবে না।

সভায় রিহ্যাব মেম্বার ছাড়া ব্যবসায় নয় এমন দাবি উত্থাপন করেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। রিয়েল এস্টেট খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় রিহ্যাবের সদস্যপদ ছাড়া আবাসন ব্যবসা পরিচালনার সুযোগ না দেওয়ার দাবি জানান তিনি। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রিহ্যাবের সদস্য নয়—এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে অনিয়ন্ত্রিতভাবে আবাসন ব্যবসা পরিচালনা করতে না পারে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আবাসন খাতে শৃঙ্খলা, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়িক জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর নজরদারির দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় রিহ্যাবের পক্ষ থেকে আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল ড্যাপের বিভিন্ন নীতিমালা শিথিল ও বাস্তবসম্মত করার পাশাপাশি ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালার প্রয়োজনীয় সংশোধন, ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে জোর দাবি জানান।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, ড. এম এ কাইয়ুম, মো. রায়হানুল ইসলাম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার এ কে এম রেজউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।