রাজধানীতে অনুমোদন ছাড়াই কিংবা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনগুলোকে শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এজন্য একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে সংস্থাটি। প্রস্তাবিত ব্যবস্থায় ২০২৫ সালের আগে নির্মিত ভবনগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার ও জরিমানার মাধ্যমে বৈধতার আওতায় আনা হবে। তবে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) লঙ্ঘন করে কিংবা জলাশয়, উন্মুক্ত স্থান ও রাস্তা দখল করে নির্মিত ভবন এ সুযোগ পাবে না বলে জানিয়েছে রাজউক। নগর বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগে বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেয়া চলবে না। পাশাপাশি অবৈধ নির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিধিবহির্ভূতভাবে সেবা সংযোগ দেয়ায় জড়িতদের বিরুদ্ধেও শাস্তির সুস্পষ্ট বিধান রাখার দাবি জানিয়েছেন তারা।
রাজউক সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণ শেষে একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। রাজউকের সর্বশেষ বোর্ড সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জানতে চাইলে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘যেসব ভবন আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত হয়েছে এবং যেগুলোর অকুপেন্সি সার্টিফিকেট নেয়া হয়নি, সেগুলোকে শর্ত পূরণ সাপেক্ষে বৈধতা দিয়ে অকুপেন্সি সার্টিফিকেটের আওতায় আনা হবে।’
২০২২ সালে গেজেটভুক্ত রাজউকের ড্যাপের জরিপ অনুযায়ী, সংস্থাটির আওতাধীন এলাকায় প্রায় ২১ লাখ ৪৫ হাজার ভবন রয়েছে। এর মধ্যে একতলা থেকে বহুতল ভবনের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার। এসব ভবনের মাত্র দুই লাখের অনুমোদন রয়েছে। বাকি প্রায় ৩ লাখ ১৭ হাজার ভবন নির্মিত হয়েছে অনুমোদন ছাড়াই। পাশাপাশি ১৬ লাখের বেশি সেমি-পাকা ভবনও অনুমোদনহীন। রাজউকের আওতাধীন এলাকার আয়তন ১ হাজার ২০০ বর্গকিলোমিটার। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩০৫ বর্গকিলোমিটার ছাড়াও সাভার ও কেরানীগঞ্জ উপজেলা এবং নারায়ণগঞ্জ, ভুলতা ও গাউছিয়া এলাকা রয়েছে।
রাজউক সূত্র বলছে, ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ডেমরা, বছিলা, ঢাকা উদ্যান, কামরাঙ্গীরচর, সারুলিয়া, নাসিরাবাদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান, হরিরামপুর, ভাটারা, বাড্ডা ও পুরান ঢাকায় অবৈধ ভবন রয়েছে। দুই সিটির বাইরে সাভার, কেরানীগঞ্জ, ভুলতা, গাউছিয়া ও নারায়ণগঞ্জেও অবৈধভাবে গড়ে উঠেছে শত শত ভবন। এর মধ্যে কেরানীগঞ্জেই রাজউকের অনুমোদন ছাড়া হাউজিং প্রকল্পের নামে অর্ধশত আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে।
ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, কোনো ভবনে বসবাস বা ব্যবহার শুরুর আগে রাজউকের কাছ থেকে ব্যবহার বা বসবাস সনদ (অকুপেন্সি সার্টিফিকেট) নিতে হয়। তবে রাজউক সূত্রের তথ্যমতে, ২০০৮ সালে এ বিধান চালুর পর ১০ শতাংশ ভবনও এ সনদ নেয়নি।
রাজউকের একাধিক সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন এলাকায় নির্মিত অধিকাংশ ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই। নির্মাণ বিধিমালা অনুসরণ না করায় এসব ভবনের জন্য সনদ নেয়া হয়নি। ফলে আইন অনুযায়ী ভবনগুলো অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব ভবনে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দেয়ার নিয়ম না থাকলেও সেবা চালু রয়েছে। এ পরিস্থিতিতে ভবনগুলোর নির্মাণ ও ব্যবহার এবং সেবা সংযোগের বিষয়টি কীভাবে আইনের আওতায় আনা যায়, তা নিয়ে উদ্যোগ নেয় সরকার।
রাজউক সূত্র আরো জানায়, পুরো প্রক্রিয়াটি আইনের আওতায় আনতে প্রথমে একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়। পরে অবৈধ ভবনগুলোর ওপর কঠোর নজরদারি নিশ্চিত করতে পৃথক বিধিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। সূত্রের ভাষ্য অনুযায়ী, ইমারত নির্মাণ আইন, ১৯৫২-তে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবন সংস্কার কিংবা পুরোপুরি ভেঙে ফেলার বিষয়ে সরকারকে পৃথক বিধিমালা প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে। এর ভিত্তিতেই বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
রাজউক বলছে, ড্যাপের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত কোনো ভবনকে বৈধতা দেয়া হবে না। একইভাবে ড্যাপে চিহ্নিত জলাশয়, জলাধার, উন্মুক্ত স্থান ও রাস্তা দখল করে নির্মিত ভবনও এ সুযোগ পাবে না।
রাজউক জানিয়েছে, অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেয়ার ক্ষেত্রে ২০২৫ সালকে ভিত্তি বছর ধরা হয়েছে। এর আগে নির্মিত ভবনগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করে যাচাই করা হবে। প্রথম শ্রেণীতে থাকবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ২০২০ অনুসরণ করে নির্মিত, কিন্তু রাজউকের নকশা অনুমোদন না নেয়া ভবন। দ্বিতীয় শ্রেণীতে থাকবে নকশার অনুমোদন থাকলেও নির্মাণবিধির ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবন। আর তৃতীয় শ্রেণীতে রাখা হবে নির্মাণবিধি অনুসরণ না করা এবং নকশার অনুমোদনও না নেয়া ভবনগুলো। বিল্ডিং কোড মেনে নির্মিত প্রথম শ্রেণীর ভবনগুলোকে তুলনামূলক সহজ প্রক্রিয়ায় অকুপেন্সি সার্টিফিকেট দেয়া হবে। বাকি দুই শ্রেণীর ভবনের ক্ষেত্রে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে।
এ প্রসঙ্গে রাজউক সূত্র জানিয়েছে, বিল্ডিং কোডের ব্যত্যয় গুরুতর না হলে উচ্চ হারে জরিমানা আদায় করে ভবনকে বৈধতা দেয়া হবে। উদাহরণ হিসেবে সূত্র জানায়, ছয়তলার অনুমোদন নিয়ে সাততলা নির্মাণ করা হলে জরিমানা সাপেক্ষে তা বৈধতার আওতায় আনা হবে। তবে ভবনের চারপাশে নির্ধারিত ফাঁকা জায়গা (সেটব্যাক) রাখা না হলে কিংবা ভবন অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকিতে থাকলে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হবে। বিকল্প হিসেবে এমন উচ্চ হারে জরিমানা ধার্য করা হতে পারে, যাতে মালিক ভবনটি ভেঙে ফেলতেই বেশি উৎসাহিত হন। এসব ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে ভবনের পূর্ণাঙ্গ মূল্যায়নের শর্ত থাকবে বলেও জানিয়েছে রাজউক সূত্র।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকায় অবৈধ ভবনগুলোকে বৈধতা দিতে বিধিমালা করছে রাজউক। এক্ষেত্রে কোনো বিশেষ গোষ্ঠী যেন অন্যায় সুবিধা না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি-বেসরকারি সব ভবনের ক্ষেত্রে এ বিধিমালা সমানভাবে প্রযোজ্য হওয়া প্রয়োজন।’
অবৈধ ভবন নির্মাণে সংশ্লিষ্ট রাজউকের কর্মকর্তা-কর্মচারীদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাজউকের কোন অথরাইজড অফিসারের নীরবতায়, কোন পরিদর্শকের সমঝোতায় ঢাকায় লাখ লাখ অবৈধ ভবন গড়ে উঠেছে, তা খতিয়ে দেখতে হবে। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই এসব ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকারও তদন্ত প্রয়োজন। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি বিধিমালায় সুস্পষ্টভাবে থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পথ আরো সুগম হবে।’ বণিক বার্তা
