আপনি কি বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন? কিংবা এরইমধ্যে শুরু করেছেন নির্মাণকাজ? তাহলে কেনাকাটার আগে জেনে নিন রাজধানীর বাজারে নির্মাণসামগ্রীর সর্বশেষ দরদাম। রড, সিমেন্ট, ইট ও বালুর দাম সম্পর্কে ধারণা থাকলে কেনাকাটার সময় দরদাম করে সাশ্রয়ী মূল্যে উপকরণ সংগ্রহ করতে পারবেন।
ব্যবসায়ীরা বলছেন, নির্মাণকাজের ভরা মৌসুম শুরু হওয়ায় বাজারে প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম। বিশেষ করে রড ও স্টিলজাত পণ্যের দাম তুলনামূলক বেশি। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবও পড়েছে এসব পণ্যের বাজারে।
পাঠকদের জন্য রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে নির্মাণের প্রধান উপকরণ রড, অ্যাঙ্গেল, সিমেন্ট, ইট ও বালুর বর্তমান দরদাম তুলে ধরা হলো।
রড ও অ্যাঙ্গেলের দাম
রোববার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি টন রড বিক্রি হচ্ছে ৮৬ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে। তবে দোকান ও কোম্পানিভেদে দরদাম করে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত কমে কেনার সুযোগ রয়েছে।
এদিকে, প্রতি টন অ্যাঙ্গেল বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে ৯৮ হাজার টাকায়। তবে কোম্পানিভেদে এবং দরদাম করে কোনো কোনো দোকানে ৮৮ থেকে ৮৯ হাজার টাকাতেও পাওয়া যাচ্ছে।
সিমেন্টের দাম
নির্মাণকাজের অন্যতম প্রধান উপকরণ সিমেন্টের প্রতি ব্যাগের দাম ৫২০ থেকে ৫৬০ টাকা। তবে, কোনো কোনো দোকানে ৫১০ থেকে ৫১৫ টাকায়ও সিমেন্ট পাওয়া যাচ্ছে। তুলনামূলক ভালো মানের ও জনপ্রিয় ব্র্যান্ডের সিমেন্ট কিনতে প্রতি ব্যাগে ৫৫০ থেকে ৫৬০ টাকা খরচ করতে হচ্ছে।
ইটের দাম
বাজারে ভালো মানের এক নম্বর ইট প্রতি হাজার বিক্রি হচ্ছে ১৩ হাজার থেকে ১৪ হাজার টাকায়। সে হিসাবে প্রতি পিস এক নম্বর ইটের দাম পড়ছে ১৩ থেকে ১৪ টাকা। অন্যদিকে, তুলনামূলক নিম্নমানের দুই নম্বর ইট বিক্রি হচ্ছে প্রতি পিস প্রায় ১২ টাকায়।
বালুর দাম
রাজধানীর খুচরা বাজারে মোটা আস্তরের বালু প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। তবে, বালুর সঙ্গে দেওয়া বস্তা ফেরত দিলে প্রতি ঘনফুটের দাম রাখা হচ্ছে ৩০ টাকা।
অন্যদিকে, পাকশি বালুর দাম তুলনামূলক বেশি। প্রতি ঘনফুট পাকশি বালু কিনতে খরচ হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া, ভরাটের বালু প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
প্রতি সপ্তাহেই বাড়ছে দাম
নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির বিষয়ে আল্লাহর দান ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম বলেন, এখন নির্মাণকাজের মৌসুম চলছে। পুরো শীতকাল এবং বর্ষা শুরুর আগপর্যন্ত নির্মাণকাজের ব্যস্ততা থাকবে। এ কারণে ধীরে ধীরে নির্মাণসামগ্রীর দাম বাড়ছে।
একই কথা জানান আলভী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক। তিনি বলেন, নির্মাণ মৌসুম হওয়ায় গত মাসের তুলনায় এখন একই পণ্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রায় প্রতি সপ্তাহেই দাম বাড়ছে। বিশেষ করে রড ও স্টিলজাত সামগ্রীর দাম বেশ চড়া। জ্বালানির দাম বাড়ায় এসব পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে নির্মাণসামগ্রীর বাজারেও এর প্রভাব পড়ছে। জাগো নিউজ
