রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া ও টেকপাড়া রোড এলাকায় ইনটেক্স রিয়েল এস্টেটের দুটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় ও বিধিবিধান লঙ্ঘন প্রতিরোধে পরিচালিত এ অভিযানে মোট ১৫টি ভবন পরিদর্শন করা হয়। এ সময় ১২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ১০টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।
রাজউকের সাবজোন-৬/১-এর আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান। অভিযানের তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে পরিদর্শন করা ১৫টি ভবনের মধ্যে ১৪টি নির্মাণাধীন এবং একটি নির্মিত ভবন। এর মধ্যে ইনটেক্স রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন শিকদারের সংশ্লিষ্ট একটি প্লটে অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার টেকপাড়া রোডে অবস্থিত ওই প্লটের আরএস দাগ নম্বর ১১৩০ (অংশ) এবং এমএস দাগ নম্বর ৫৪১৯ (অংশ)। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্মাণাধীন ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে জব্দ করা বিদ্যুৎ মিটারটি ডিপিডিসির বনশ্রী শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
ভবন নির্মাণে অনিয়ম প্রতিরোধ, অনুমোদিত নকশার যথাযথ বাস্তবায়ন এবং রাজধানীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে রাজউক।
